২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানোর মামলায় মাহমুদুর রহমানের বিচার শুরু

গাড়ি পোড়ানোর মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

এই মামলায় অপর অভিযুক্তরা হলেন- আব্দুর রহিম, রিপন কুমার কুণ্ড, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু, জাহাঙ্গীর খাঁ। মামলার নথিতে এদেরকে ‘বিএনপি জামায়াতের কর্মী’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জানান, বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলি মাসুদ শেখ মামলার অভিযোগ গঠন করে আগামী ২৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন রেখেছেন।

আসামিদের মধ্যে জামিনে থাকা আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, জাহাঙ্গীর খাঁ ও আমিনুল ইসলাম আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

জামিনে থাকা অপর অভিযুক্ত লুৎফর ও শাজাহান বাবু আদালতে হাজির ছিলেন।  আর মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন আবদুর রহিম ও রিপন কুমার কুণ্ডু।

আদালতে মাহমদুর রহমানের পক্ষে মামলা থেকে অব্যাহতি চাওয়া হলে শুনানি শেষে তা নাকচ করে দেন বিচারক। এসময় তার পক্ষে জামিন আবেদনও নাকচ হয়ে যায়।

এসময় এজলাসের কাঠগড়ায় দাঁড়ানো মাহমুদুরকে অভিযোগ শোনানো হলে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান তিনি।

অব্যাহতির আবেদনে আসামির আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, এই মামলার এজাহারে মাহমুদুর রহমানের নাম ছিল না। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আগে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ১৬১ ধারার জবানবন্দিতে মামলার আট সাক্ষীর কেউ-ই এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি।

“এঘটনায় মাহমুদুর রহমানের ভূমিকা কি তা-ও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। তিনি গুরুতর অসুস্থ, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।”

তার অন্যতম আইনজীবী বেলাল হোসেন জসিম জানান, তার বিরুদ্ধে ৬৪টি মামলা রয়েছে, যার মধ্যে উচ্চ আদালতে ৪৯টির মতো মামলার বিচারকাজ স্থগিত রয়েছে।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার ফার্মভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়। এঘটনায় চালক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।

পরের বছর ২৪ এপ্রিল তেজগাঁও থানা পুলিশ আদালতে এই নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।