ট্রেনের টয়লেট উন্নত ‘হচ্ছে’
ট্রেনের টয়লেট বর্জ্য ব্যবস্থাপনার জন্য উন্নত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে একটি কমিটিও গঠন করেছে।
রেলওয়ে বলেছে, বতর্মানে এ ব্যবস্থাপনা যুগোপযোগী ও আধুনিক না হওয়ায় উন্নত দেশের আদলে তা করা হবে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা সাংবাদিকদের বলেন, “ট্রেন বা স্টেশনের টয়লেটগুলো নিয়ে রেলের নিয়মিত ভ্রমণ করা যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাই কমিটি এগুলোকে আধুনিক করার বিষয়ে আলোচনা করেছে।”
কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য রেলওয়েকে বলা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে কমিটি খুলনা, দর্শনা রেলস্টেশন এবং খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত প্রস্তাবিত রেলওয়ে ট্র্যাক পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ফাতেমা জোহরা রানী অংশ নেন।
