ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার ঢাবির দুই ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ছাত্রলীগের দুই নেতা ক্যাম্পাসের ভেতরে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৩টার দিকে স্যার এ এফ রহমান হলের গেইটে ছিনতাইকারীদের কবলে পড়েন বলে আব্দুল আলীম খান নামে এক শিক্ষার্থী জানিয়েছেন।
তিনি বলেন, দুটি মোবাইল ফোন, নগদ তিন হাজার টাকা, দুটি এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনতাই হয় তাদের দুজনের কাছ থেকে।
স্বাস্থ্য অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলীম এফ রহমান হল ছাত্রলীগের উপ-আইন সম্পাদক। ছিনতাইয়ের শিকার অন্য ছাত্র হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান। তিনি হল ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে হলের গেইটে এলে সাদা রঙয়ের একটি গাড়ি থেকে তিনজন নেমে অস্ত্র দেখিয়ে আমাদের দুজনের কাছ থেকে সব ছিনিয়ে নেয়।”
ছিনতাইকারীদের হাতে হকিস্টিক, রামদা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে এই ছাত্রলীগ নেতা জানান। তিনি বলেন, ছিনতাইয়ের পর গাড়িটি ফুলার রোডের দিকে চলে যায়।
ঘটনার পর পুলিশের সাহায্য চাইলেও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন আলীম।
“টিএসসি এবং ভিসির বাড়ির সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তা চাইলেও তারা জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় তাদের কিছু করার নেই।”
ওই সময় ক্যাম্পাসের দায়িত্বে এসআই খায়রুল কবির ছিলেন বলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের জানান। কিন্তু তাকে পাওয়া যায়নি, বলেন আলীম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল
এসআই খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে সময়ে ছিনতাইটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে ছিলেন।
“গাড়ি না থাকায় পিছু নিতে পারিনি। তবে গাড়ির নম্বরটি কন্ট্রোল অফিসে জানিয়েছি।”
ঘটনার পরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দেওয়া হয় জানিয়ে আলীম বলেন, “প্রক্টর স্যার ব্যাপারটা দেখবেন বলে জানিয়েছেন।”
ছুটির সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে অভিযোগ করে আলীম বলেন, “এ মাসেই আমার হলের তিন-চারজন ছাত্র একই ধরনের ঘটনার মুখোমুখি হয়ে টাকা-পয়সা, মোবাইল খুইয়েছে।”
সবগুলো ছিনতাইয়ের সঙ্গে একই চক্র জড়িত থাকতে পারে বলেও ধারণা করছেন ক্ষমতাসীন দল সমর্থক ছাত্র সংগঠনের এই নেতা।
বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা রঙের গাড়িটি তিনিও দেখেছেন।
“শিক্ষার্থীরা ছিনতাইকারী বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার জানালা দিয়ে সাদা রঙের একটি গাড়ি চলে যেতে দেখি। গাড়িটি ভিসি স্যারের বাংলোর দিকে যাওয়ার পরে কোন দিকে গেছে তা দেখতে পাইনি।”
ঘটনার পরপরই এ বিষয়ে পুলিশকে জানান ভারপ্রাপ্ত প্রক্টর।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই ওয়াহেদুজ্জামান ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, “ওই সময় ক্যাম্পাসে দায়িত্বরত এসআইয়ের কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করছি।”
