২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে পর্যটন নিয়ে জাতিসংঘের ‘ওপেন লেটার’

আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনের ভূমিকার স্বীকৃতি ও জাতীয় নীতিতে একে অগ্রাধিকারে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ওপেন লেটার অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ দিয়েছে জাতিসংঘ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 09:08 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

পর্যটন খাতে সহায়তায় আগ্রহী ইউএনডব্লিউটিও
বৌদ্ধ নিদর্শনে পর্যটন বিকাশের তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকা সফররত জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই মঙ্গলবার বিকালে গণভবনে শেখ হাসিনার হাতে এই চিঠি হস্তান্তর করেন।

ইউএনডব্লিউটিও ও ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) ভ্রমণ ও পর্যটনের গুরুত্বের উপর আলোকপাত করে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের কাছে এই খোলা চিঠি দেন।

কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এই চিঠি গ্রহণ করলে তা জাতীয় অর্থনীতিতে পর্যটনের গুরত্বের স্বীকৃতি হিসেবে দেখা হয়।

প্রধানমন্ত্রীকে ‘ওপেন লেটার’ হস্তান্তরের সময় বৌদ্ধ কৃষ্টি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারী আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবদুল বারী জাহানী, ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোইয়নপো নোরবু ওয়াংচুক, কম্বোডিয়ার পর্যটন উপ-মন্ত্রী টপ সোপহিয়াক, মিয়ানমারের হোটেল ও পর্যটন বিষয়ক উপ-মন্ত্রী টিন শোয়ে, ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সচিব বিনোদ জুৎশি উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদও এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পর্যটনের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

পর্যটন খাতের জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অভিহিত করে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব বলেছেন, বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়ন করলে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

পাঁচ বছরের বেশি সময় ধরে ইউরোপজুড়ে অর্থনৈতিক মন্দা থাকলেও এ অঞ্চলে অর্থনীতির পতন ঠেকাতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় পর্যটন শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ খাতের জন্য বিশেষ প্রশিক্ষণসহ সমুদ্র সৈকত ব্যবস্থাপনায় বিশ্ব পর্যটন সংস্থার সহায়তাও চান প্রধানমন্ত্রী।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী বুড্ডিস্ট সার্কিট কনফারেন্সে যোগ দিতে সোমবার এখানে পৌঁছান বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রিফাই।

বাংলাদেশে বৌদ্ধ পর্যটন বৃদ্ধির লক্ষ্যে একটি বাস্তবায়নমুখী রোডম্যাপ প্রণয়নের জন্য ১৩টি বৌদ্ধ জনসংখ্যা বহুল দেশ এ সম্মেলনে অংশ নিচ্ছে।