২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের ‘পিটুনিতে নিহত’, লাশ নিয়েছে পুলিশ

বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পিটুনিতে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 12:21 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার পুটখালি সীমান্তের কাছে ইছামতি নদী থেকে মনিরুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে নিয়ে গেছে ভারতীয় পুলিশ।

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করলেও মনিরুল বিএসএফের পিটুনিতে মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি।

এ ব্যাপারে জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

নিহত মনিরুল যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার সরদার জানান, সকাল ১১টার দিকে ইছামতি নদীর ভারতীয় অংশ থেকে ২৪ পরগনার গাইঘাটা থানা পুলিশ মনিরুলের লাশ নিয়ে যায় বলে তিনি শুনেছেন।

নিহতের বাবা মুনসুর আলী জানান, তার ছেলে মঙ্গলবার গরু আনতে ভারতে গিয়েছিল।

“ফেরার সময় আংরাইল সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ার পর তাকে পিটিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়,” অভিযোগ তার।