ত্রিপুরার পাঁচ শিশু চট্টগ্রামের আশ্রয় কেন্দ্রে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদ্ধার পাঁচ ভারতীয় শিশুকে আদালতের আদেশে চট্টগ্রামের দুটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
এগুলো হলো সমাজসেবা অধিদপ্তরের ‘ছোটমনি নিবাস’ ও ‘সরকারি শিশু পরিবার’।
সোমবার নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া তাদের আশ্রয় কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
এদিকে পাচারকারী অভিযোগে গ্রেপ্তার রেহানা বেগম ও তার স্বামী বাহার উল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ারও আদেশ দিয়েছে আদালত।
শনিবার রাতে বসুহাট ক্যাডেট মাদ্রাসার সামনে থেকে পাঁচ শিশুসহ রেহানা বেগমকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়।
কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাহার উল্লার স্ত্রী রেহানার পৈত্রিক বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যে বলে পুলিশ জানিয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, রোববার রাতে থানায় রেখে সোমবার দুপুরের পাঁচ শিশুকে আদালতে হাজির করা হয়।
“আদালত শিশুদেরকে আমার জিম্মায় রেখে দুই পাচারকারীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। নোয়াখালীতে সমাজসেবা অধিদপ্তরের সুরক্ষিত নিবাস না থাকায় সোমবার রাতেও শিশুদেরকে থানায় রাখা হয়।”
আফতাব উদ্দিন আরও জানান, আদালতের নির্দেশে নিয়ম অনুযায়ী ছয় বছরের নিচে দুই শিশু সিয়াম হোসেন ও নাছরিনকে চট্টগ্রাম নগরীর রৌফাবাদে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে এবং অপর তিনজনকে হাটহাজারীতে সরকারি শিশু পরিবারে পাঠানো হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে আটক দম্পতি।
রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, উদ্ধারকৃত শিশুদের মধ্যে শামীম চৌধুরী পুলিশের কাছে তার পরিচয় ও বাবার মোবাইল ফোন নম্বর দেয়।
এরপর শামীমের বাবা আবুল বাশার ও ত্রিপুরা রাজ্যের রাধাকৃষ্ণপুর থানায় যোগাযোগ করা হলে সেখানকার পুলিশ শুক্রবার পাঁচ শিশুর অপহরণের বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে নিশ্চিত করে বলে জানান তিনি।
উদ্ধার শিশুরা হলো ত্রিপুরার রাধাকৃষ্ণপুর থানার আবুল বাশারের ছেলে শামীম চৌধুরী (১২), ওবায়দ উল্লার ছেলে শাহীন চৌধুরী (৯) ও মেয়ে নাছরিন বেগম (৪), মো. আলী হোসেনের ছেলে সিয়াম হোসেন নাহিদ (১০ মাস) ও এনায়েত উল্লাহ চৌধুরীর ছেলে তক্কিন চৌধুরী (৬)।
রেহানা বেগমের বরাত দিয়ে ওসি জানান, আত্মীয়তার সূত্রে ওবায়দ উল্লা, এনায়েত উল্লা ও আলী হোসেনের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ রেহানা বেগম।
ঘনিষ্ঠতার সুযোগে কৌশলে স্বজনদের অগোচরে পাচার করে বাংলাদেশে নিয়ে আসে রেহানা।
