রংপুরে মদপানে ৯ মৃত্যু: গ্রেপ্তার আরও ২
রংপুর নগরীর বিহারীপাড়ায় মদ পানের পর নয়জনের মৃত্যুর মামলার প্রধান আসামিসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক আব্দুল আজিজ জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দমদমা ব্রিজ এলাকা থেকে প্রধান আসামি আব্দুর রহিম ছইয়া (৬৮) ও তার স্ত্রী হোসনে আরাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , রোববার এই দুই ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য দমদমা ব্রিজের কাছে অপেক্ষা করছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ মামলায় ২৪ আসামির মধ্যে এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার হল বলে জানান আব্দুল আজিজ।
গত ২৮ সেপ্টেম্বর রাতে বিহারীপাড়ার আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদপানের পর বিষক্রিয়ায় ট্রাকচালক, সহকারী, কসাই ও রংমিস্ত্রিসহ বিভিন্ন পেশার নয়জন মারা যান। এদের মধ্যে সাতজনই বিহারীপাড়ার বাসিন্দা।
এ ঘটনায় নিহত নাসিম ও মনু মণ্ডলের ভাই আমিন মণ্ডল বাদী হয়ে আব্দুর রহিম ছইয়াকে প্রধান আসামি করে মোট ২৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
