নোয়াখালীতে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর চাটখিলে অন্তর্কলহের জেরে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন।
নিহত তারেক হোসেন স্বপন (২৪) ওই গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। তিনি পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পৌর ছাত্রলীগের সম্মেলনের সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবিনের বিরোধিতা করেছিলেন স্বপন।
“এ জের ধরে রোববার বেলা ১১টার দিকে ছাত্রলীগের ৬/৭ জন নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে স্বপনের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।”
তিনি বলেন, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
