২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচার করতে হবে ১৯৫ পাক সেনারও’

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত বাংলাদেশিদের পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগে ১৯৫ জন পাকিস্তানি সেনারও বিচার দাবি করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শনিবার সকালে শিখা চিরন্তন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জাতীয় স্মৃতিসৌধসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্নে শ্রদ্ধা নিবেদন করে ফোরামের নতুন কমিটির নেতারা এ দাবি জানান।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফোরামে নবনির্বাচিত চেয়ারম্যান কেএম শফিউল্লাহ বীর উত্তম বলেন, একজন যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত সেক্টর কমান্ডার্স ফোরামের আন্দোলন অব্যাহত থাকবে।

“শুধু দেশীয় যুদ্ধাপরাধীদের নয়, মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধে অভিযুক্ত ১৯৫ জন পাক সেনা সদস্যেরও বিচারের আওতায় আনতে হবে।”

গত ১৭ অক্টোবর সেক্টর কমান্ডার্স ফোরামের চতুর্থ জাতীয় সম্মেলনে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।

ফোরামের নতুন নির্বাচিত নেতারা সকাল সাড়ে ৭টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তনে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু করেন।

এরপর সেখান থেকে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সবশেষে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ফোরামের নতুন চেয়ারম্যান কে এম শফিউল্লাহ ছাড়াও ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী, মহাসচিব লেখক-সাংবাদিক হারুন হাবীব ও সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ বীর প্রতীক উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর মহাসচিব হারুন হাবীব বলেন, “নবীন প্রজন্মকে সঙ্গে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন চলবে। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করব।”