২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনীয় কোম্পানির পেনাল্টি হবে: বিদ্যুৎমন্ত্রী

নিরাপত্তার অজুহাতে নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ বন্ধ করে ৪৩ প্রকৌশলীকে প্রত্যাহার করায় স্পেনীয় নির্মাতা আইসোলাক্স কোরসানের জরিমানা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 11:11 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের কৃষ্ণপুরায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জোনাল অফিস ও কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিদ্ধিরগঞ্জসহ বিবিয়ানায় কাজ করা স্পেনের একটি বিশেষ কোম্পানি ৪৩ জন প্রকৌশলীকে প্রত্যাহার করেছে।

“আপনারা দেখেছেন, কিছুদিন আগে আমি স্পেনের রাষ্ট্রদূতকে ‘কল অন’ করেছি। তাকে আমি সময় বেঁধে দিয়েছি, তার কোম্পানিকে সময় বেঁধে দিয়েছি। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাদের ফেরত আসতে হবে এবং আমি তাদেরকে পেনাল্টি (জরিমানা) করব।

“আমি মনে করি, বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যাতে বিদেশিরা নিরাপদ ফিল করবেন না।”

২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে ৩৪০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পায় স্পেনের কোম্পানি আইসোলাক্স কোরসান।

চুক্তি অনুযায়ী, ৩০ মাস মেয়াদের হিসাবে ২০১৪ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি।

সম্প্রতি দুই বিদেশি নাগরিককে গুলি করে হত্যার পর নিরাপত্তার অজুহাতে ৭ অক্টোবর আইসোলাক্স কোরসান ৪৩ প্রকৌশলীকে প্রত্যাহার করে নিলে ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

দেশের অন্য প্রকল্পে স্পেন, যুক্তরাজ্য, চীন ও ইউক্রেনের প্রকৌশলীরা ছাড়াও প্রচুর বিদেশির কাজ করার কথা উল্লেখ করে নসরুল হামিদ বলেন, “তারা এবং কোনো রাষ্ট্রদূত- কেউ আমাকে একটিবারের জন্য বলে নাই যে, তারা বাংলাদেশে নিরাপদে নাই।

“কেবলমাত্র একটি কোম্পানি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিঠি দিয়ে তাদের কর্মীদের প্রত্যাহার করেছে।”

‘এই বিদেশি হত্যাকাণ্ডসহ দেশে বিদেশিদের নিরাপত্তার শঙ্কা তৈরি’কে ‘স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের অংশ’ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা চায় না, বাংলাদেশ এগিয়ে যাক; উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজালাল মিয়াসহ স্থানীয় পল্লী বিদুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গোপালদী পৌরসভার নজরুল ইসলাম বাবু কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।