২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় তরুণীর মৃত্যু: কালশীতে সড়ক অবরোধ

ঢাকার মিরপুরের কালশী এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণী নিহত হওয়ার ঘটনায় গতিরোধকের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 02:43 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার বেলা ১১টার থেকে ২টা পর্যন্ত মাটিকাটা ইসিবি চত্বরের সামনে এ বিক্ষোভে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

পুলিশের ক্যান্টনম্যান্ট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কুদরাত-ই-খুদা বলেন, রাস্তায় গতিরোধক স্থাপনের দাবিতে এই বিক্ষোভ করছেন এলাকাবাসী। রাস্তায় অবরোধের ফলে কালশী রোডে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

“পরে সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গতিরোধক বসানোর আশ্বাস দেওয়া হলে বেলা ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।”

বুধবার দুপুরে কালশীর হোটেল ‘ব্লু মুন’ এর সামনে প্রাইভেট কারের ধাক্কায় শারমীন আক্তার (১৮) নামে এক তরুণী গুরুতর আহত হন এবং সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।

সরকারি তিতুমীর কলেজের ভর্তি পরীক্ষার ফরম জমা দিয়ে পশ্চিম মানিকদি বাসায় ফেরায় পথে দুর্ঘটনায় পড়েন ওই তরুণী।

তার মৃত্যুর খবর পেয়ে বুধবার সন্ধ্যায়ও ওই এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবারের অবরোধ নিয়ে পুলিশ কর্মকর্তা কুদরাত-ই-খুদা বলেন, “এদিন সরকারি ছুটির দিন হওয়ায় সড়কে গাড়ির চাপ কম ছিল। ফলে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও অবরোধের ফলে তেমন যানজট হয়নি। ”