যশোরে আদ-দ্বীন হাসপাতালে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
যশোরে একটি বেসরকারি হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
মৃত পলি বেগম (২৫) শহরতলীর বালিয়াডাঙ্গা এলাকার মনির হোসেন মিন্টুর স্ত্রী।
বুধবার দুপুরে শহরের আদ-দ্বীন হাসপাতালে পলির মৃত্যু হয়।
তার শাশুড়ি শাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে প্রসব বেদনা উঠলে পলিকে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। ডা. জাহিদ হোসেনের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয় তার।
“অস্ত্রোপচারের পর রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। কর্তব্যরত নার্সরা বার বার কাপড় দিয়ে রক্ত মুছে ফেলে, অথচ তা আমাদের জানতে দেয়নি।”
অস্ত্রোপচারে ‘ত্রুটির’ কারণে রক্তক্ষরণ এবং এ ‘ক্রটিপূর্ণ চিকিৎসার’ কারণে পলির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন শাহানারা।
পলির ভাগ্নে কামাল হোসেন বলেন, “রোগীর মৃত্যুর আধাঘণ্টা আগে সেবিকারা জানায়, ‘আট ব্যাগ রক্ত লাগবে। তা না হলে রোগীকে বাঁচানো যাবে না’।”
এ ব্যাপারে আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান আবেদ আলী বলেন, “প্রসূতির মৃত্যুতে ডাক্তার ও সেবিকাদের কিছু অবহেলা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, ঘটনা জানতে পেরে আদ-দ্বীন হাসপাতালে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। রোগীর স্বজনরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
