ভাটারায় হোটেলে যুবকের লাশ
রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি আবাসিক হোটেলে এক যুবকের লাশ পাওয়া গেছে।
মৃতের নাম মো. কাউসার (৩৫)। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে।
কাউসার মঙ্গলবার রাতে এক নারীকে নিয়ে ‘হ্যাভেন টাচ’ নামে ওই হোটেলে উঠেছিলেন বলে ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন জানিয়েছেন।
বুধবার সকালে হোটেল কক্ষ থেকে কাউসারের লাশ পাওয়ার পর ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হোটেল রেজিস্ট্রারে ওই নারীর পরিচয় স্ত্রী লিখেছিলেন কাউসার।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউসারের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কক্ষ থেকে কিছু যৌনশক্তি বর্ধক ওষুধ উদ্ধার করা হয়েছে।”
ওই নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
