২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চুক্তি বাস্তবায়নে পাহাড়ে ধর্মঘটে ডাক   

শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে বুধবার তিন পার্বত্য জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 05:31 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

বান্দরবান জনসংহতি সমিতির সভাপতি উছোমং মারমা জানান, শান্তি চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল থেকে দিনব্যাপী তিন পার্বত্য জেলায় ব্যাংক-বিমাসহ সব ধরনের অফিস-আদালত বর্জনের ডাক দেওয়া হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মবিরতি সফল করতে সরকারি-বেসরকারি পর্যায়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার বান্দরবান জেলা শহরের কর্মসূচির প্রচারপত্র বিলি করেন জনসংহতি সমিতির নেতাকর্মীরা।

পার্বত্য শান্তি চুক্তির ১৮ বছর পার হতে চললেও প্রধান শর্তগুলি বাস্তবায়ন করা হয়নি বলে প্রচারপত্রে অভিযোগ করা হয়েছে।

এগুলোর মধ্যে- পার্বত্য চট্টগ্রামে জুম্ম অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকর এবং আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, বন, পরিবেশ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে পার্বত্য জেলা পরিষদের অধীনে ন্যস্ত করার শর্ত বাস্তবায়িত হয়নি বলে দাবি করা হয়েছে।

এছাড়া ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিসহ চুক্তির পরিপন্থী অন্যান্য আইনসমূহ সংশোধন, বহিরাগত বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনকভাবে পুনর্বাসন ও পার্বত্য এলাকা থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে কোনও রকম বাধা সৃষ্টির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

“বুধবার সরকারি-বেসরকারি অফিসগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মাঠে থাকবে।”