সংসদ সচিবালয়ের ফ্ল্যাট প্রকল্পে ডে-কেয়ার সেন্টার রাখার পরামর্শ স্পিকারের
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিতব্য ফ্ল্যাট প্রকল্পে ডে-কেয়ার সেন্টার তৈরি করতে বলেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সোমবার দুপুরে শেরেবাংলা নগরে নির্মাণাধীন ৪৪৮টি ফ্ল্যাট প্রকল্প পরিদর্শনের সময় স্পিকার এ কথা বলেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্পিকার যথাসময়ে ফ্ল্যাটগুলো হস্তান্তরের লক্ষ্যে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদও দেন।
এই প্রকল্প জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যার সমাধানে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন স্পিকার বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
শেরেবাংলা নগরে পাঁচ দশমিক ১০ একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পের সংশোধিত মূল্য ধরা হয়েছে দুইশ ১৮ কোটি ৪৭ লাখ টাকা। ২০১৬ সালের জুন মাসে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প এলাকায় ১৫ তলা ভিত বিশিষ্ট ৮টি ভবনে মোট ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
এর আগে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কেই কাওয়ানো শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বলে সচিবালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাক্ষাতের সময় কেই কাওয়ানো বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের প্রশংসা করেন এবং জাপান এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের দেশেও নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কাওয়ানো বলেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রশংসার দাবিদার।
এসময় স্পিকার শিরীন শারমিন জাপান সফরে তার অভিজ্ঞতা এবং জাপানের প্রধানমন্ত্রী ও জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ ও তাদের আন্তরিকতার কথা তুলে ধরেন বলেও জানানো বিজ্ঞপ্তিতে।
