ফাঁদে পড়ে মরল দুই হাতি
জামালপুরের দেওয়ানগঞ্জে ফাঁদ পেতে দুটি বন্য হাতি মেরেছে গ্রামবাসী।
শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের বাসিন্দারা বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি দুটি মারে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মণ্ডল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায়ই বন্য হাতি পাথরেরচর, মাখনেরচর ও বাঘারচর গ্রামে ঢুকে ক্ষতি করে। শনিবার রাতে বিদ্যুৎসংযোগ দিয়ে ফাঁদ পাতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ওই ফাঁদে পড়ে দুটি হাতি মারা যায়।
মৃত্যুর পর হাতি দুটির দাঁত, শুঁড়, কান ও লেজসহ শরীরের বিভিন্ন অংশ এলাকাবাসী কেটে নিয়ে যায় বলেও জানান তিনি।
বকশীগঞ্জের ডুমুরতলা বিটের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভারত সীমান্তবর্তী মাখনেরচর এলাকায় ঘটনাটি ঘটেছে।
“খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যাচ্ছেন।”
ময়নাতদন্তের পর হাতি দুটিকে মাটি চাপা দেওয়া হবে বলে জানান তিনি।
