বাস খাদে পড়ে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে পড়ে একজন নিহত ও শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট এসএম আসাদুজ্জামান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল সদরের নগরজলপয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সার্জেন্ট আসাদুজ্জামান বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে নগরজলপয় এলাকায় রূপনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়।
বাসটি উদ্ধারে জেলা পুলিশ ও স্থানীয়রা কাজ করছে বলেও জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক শিশুসহ ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
