২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গভীর কূপে পড়ে শিশুর মৃত্যু

সাভারের আশুলিয়ায় ৩০ ফুট গভীর কূপে পড়ে মারা গেছে সাত বছরের এক শিশু।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 10:45 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

কূপে পড়ে যাওয়ার চার ঘণ্টা পর ইয়াছিনের (০৭) নিথর দেহ উদ্ধার করেছে দমকলকর্মীরা। সে ভাদাইল এলাকার বাসিন্দা ভ্যান চালক জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাদাইল এলাকার জহিরুল ইসলামের পরিত্যক্ত কূপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিইপিজেড দমকল বাহিনীর হাবিলদার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ ফুট লম্বা, ২৫ ফুট চওড়া ও ৩০ ফুট গভীর কূপটির পানি সেচে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

কুপটিতে মাগুর মাছের চাষ হত বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ওসি মহসিন কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর কুপটিতে ঢাকনা না থাকায় খেলার সময় শিশুটি পা পিছলে কূপে পড়ে গিয়ে ডুবে মারা যায়।”

শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খাওয়ার পর ইয়াছিন বাড়ির পাশের খোলা জায়গায় খেলতে যায়। হঠাৎ খেলার সময় পা পিছলে কূপে পড়ে যায়।

খেলার সঙ্গীরা বিষয়টি তাকে জানায় বলে জানান জসিম।

তিনি বলেন, স্থানীয়রা ইয়াছিনকে গভীর কূপ থেকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ডিইপিজেড দমকল বাহিনীর দুটি ইউনিট দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির মৃতদেহ কূপ থেকে উদ্ধার করে।