২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু: গ্রেপ্তার ২

গাইবান্ধা সদর উপজেলায় মা-মেয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 10:55 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, বুধবার সকালে সোনাইডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলাম (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী মমিনা বেগম (৩০)।

মঙ্গলবার দুপুরে সোনাইডাঙ্গা গ্রামে ঘরে আগুনে দগ্ধ হন গ্রেপ্তার আশরাফুল ইসলামের প্রথম স্ত্রী মর্জিনা বেগম (৩৮) ও তাদের ১৯ মাস বয়সী মেয়ে আসমাউল হুসনা।

পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, বিকালে গ্রেপ্তারদের গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক দুই দিনের হেফাজত মঞ্জুর করেছেন।

এদিকে মর্জিনা ও তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে বলে ওসি জানিয়েছেন।

মর্জিনার বাবা মোসলেম উদ্দিন সরকার বলেন, “আমার মেয়ে ও ১৯ মাসের নাতনিকে শ্বাসরোধে হত্যার পর তাদের ঘরের বিছানায় রেখে আগুন লাগিয়ে দেয় আশরাফুল।”

মর্জিনার বাবা মঙ্গলবার রাতে আশরাফুল ও তার দ্বিতীয় স্ত্রী মমিনাসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।