চাঁপাইনবাবগঞ্জে কিশোরকে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরকে হত্যার পর ‘আত্মহত্যা’ বলে চালানোর চেষ্টার অভিযোগ করেছে স্বজনরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের সাহাপাড়া মহল্লায় মহানন্দা নদীর তীর থেকে গোপাল সাহা (১৫) ওই কিশোরের লাশ উদ্ধার করে স্বজনরা। ওই এলাকায়ই তার বাড়ি।
সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন গোপালের বড় ভাই শ্যামল সাহা।
নিহত গোপাল শহরের ঝিলিম রোডে ‘দ্বীপ জুয়েলার্সের’ অলঙ্কার তৈরির কাজ করত।
শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা আমার ভাইকে হত্যার পর তারই মোবাইল থেকে জানায়, গোপাল বিষপাণে আত্মহত্যা করেছে। পরে বাড়ির কাছে মহানন্দা নদীর ধারে তাকে পাওয়া যায়।”
সদর মডেল থানার ওসি মাজহারুল হক জানিয়েছেন, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।
“নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পুরো শরীরে হারপিক লাগানো রয়েছে” বলেন ওসি।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
