২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: কামরুলকে ফেরাতে ভোরে সৌদি যাচ্ছে পুলিশ

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি কামরুলকে নিয়ে আসতে সোমবার ভোরে সৌদি আরব যাচ্ছেন পুলিশের তিন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 01:28 PM

তারা হলেন, ‍পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।

পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কামরুলকে ফিরিয়ে আনতে সোমবার ভোরে সৌদি আরব যাবেন এই তিন কর্মকর্তা।

১৫ অক্টোবর কামরুলকে নিয়ে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত ৮ জুলাই শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার তদন্ত শেষে ১৩ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এদের মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার দুই দিন পর কামরুল সৌদি আরবে পালিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রবাসী বাংলাদেশিরা তাকে আটক করে।

কামরুলকে আটকের পর তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রিয়াদ এনসিবির সহযোগিতা চেয়ে রেড নোটিস ইস্যুর অনুরোধ জানায় পুলিশ।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দি বিনিময়ের জন্য অনুরোধ করে সৌদি কর্তৃপক্ষকে। সেই অনুরোধে সাড়া দিয়ে সৌদি কর্তৃপক্ষ কামরুলকে ফেরত দিতে রাজি হয়।