২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণা কাবেরী হত্যার আসামি জহিরুল রিমান্ডে

মোহাম্মদপুরের কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার প্রধান আসামি কে এম জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 12:53 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন রোববার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষে রিমান্ড নামঞ্জুরের আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মহাগর হাকিম রাশেদ তালুকদার দুদিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই কুতুবুল আলম জানান।

এর আগে বৃহস্পতিবার জহিরুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠায় আদালত।

৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরে মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল । কৃষ্ণার স্বামী বিআরটিএর প্রকৌ​শল বিভাগের উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাস।

ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস পূর্বপরিচিত গুলশানের ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক ব্যবসায়ী জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহার থেকে জানান যায়, ৩০ মার্চ সন্ধ্যার পর সীতাংশুর ইকবাল রোডে ৩/১২ নম্বর তার জন্মদিনে কেক, মিষ্টি ও মোমবাতি নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন জহিরুল।  কেক কাটার পর কৌশলে সিতাংশুকে চেতনানাশক মেশানো ফলের জুস পান করিয়ে অচেতন করার পর তাকে হাতুড়ি দিয়ে পেটানোর চেষ্টা করেন জহিরুল। এসময় কৃষ্ণা বাধা দিতে গেলে জহিরুল দুজনকেই এলোপাতাড়ি পেটায়। পরে মোমবাতি থেকে কৃষ্ণার শাড়ি ও ঘরে আগুন ছড়িয়ে যায়। রাতে দগ্ধ ও আহত কৃষ্ণাকে হাসপাতালে ভর্তির করার পরপর চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিআরটিএ কর্মকর্তা সিতাংশুর বাসায় ওই হামলা হয় বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও নিহতের মামা পিন্টু বিশ্বাসের দাবি, এর পেছনে ‘অন্য কোনো কারণ’ রয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “সীতাংশুর শেয়ার বাজারে আট লাখ টাকা ছিল। সেই সূত্রেই  জহিরের সঙ্গে তার পরিচয় ছিল। শেয়ার বাজারের লেনদেন নিয়ে তাদের মধ্যে কোনও বিরোধ ছিল না।”

এই মামলায় মারুফ হায়দারি সোহাগ নামে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মচারীকে গ্রেপ্তার করে এক দিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।  তার সঙ্গে প্রধান আসামির যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি। গত রোজার ঈদের আগে তিনি জামিনে মুক্তি পান।

পুরনো খবর:

বিআরটিএ কর্মকর্তার বাসায় ঢুকে হামলায় স্ত্রী নিহত
সাড়ে ৩ মাসেও গ্রেপ্তার হয়নি কৃষ্ণার খুনি, পরিবারের ক্ষোভ