কিশোরগঞ্জে চাচার দায়ের কোপে ভাতিজা খুন
মাতবরদের কাছে স্ত্রীকে মারধরের বিচার চাওয়ায় কিশোরগঞ্জে ক্ষুব্ধ চাচার রামদায়ের কোপে খুন হয়েছেন এক ব্যক্তি।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া গ্রামে ওই ঘটনায় নিহতের স্ত্রীও আহত হয়েছেন বলে কিশোরগঞ্জ মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন জানিয়েছেন।
নিহত রোকন উদ্দিন (৩৩) ওই গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।
গুরুতর আহত তার স্ত্রী জেসমিন আক্তারকে (৩০) জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মিনহাজ জানান, বুধবার দুপুরে রোকনের ছাগল চাচা জসিম উদ্দিনের একটি সিম গাছ খেয়ে ফেলে।
“এতে ক্ষিপ্ত জসিম রোকনের বাড়ি গিয়ে তার স্ত্রীকে গালাগালি ও এক পর্যায়ে মারধর করেন। পরে রোকনের কাছ থেকে অভিযোগ পেয়ে স্থানীয় কয়েকজন মাতবর জসিমের বাড়ি গিয়ে সালিশের সিদ্ধান্ত দেন।”
মাতবররা চলে যাওয়ার পরপরই রোকন ও জেসমিনের ওপর রাম দা নিয়ে চড়াও হন জসিম, বলেন তিনি।
“দায়ের কোপ রোকনের গলায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেসমিনের বাঁ হাতে কোপ লেগেছে।”
ঘটনার পর থেকে জসিম উদ্দিনকে খোঁজা হচ্ছে বলে জানান এসআই মিনহাজ।
