গাজীপুরে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.দাদন মিয়া।
আনুমানিক ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এএসআই দাদন মিয়া বলেন, সকালে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছাই রংয়ের প্যান্ট ও খয়েরি রংয়ের ফুল হাতা শার্ট পরা ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে বলে জানান তিনি।
