ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার কুশাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহত নূর হোসেন (৩২) উপজেলার গোবিন্দপুর গ্রামের সেরাজ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ওসি হুমায়ুন বলেন, গভীর রাতে একদল ডাকাত কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন নূর হোসেন।
