হবিগঞ্জে দুর্ঘটনায় আহত আরও ৩ জনের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়-এ দাঁড়িয়েছে।
শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।আহত হন অন্তত ২০ জন।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক সেনাসদস্যসহ আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী সোহাদা বেগম, তার ছেলে মেহেদী, জালালাবাদ ক্যান্টনমেন্টের সৈনিক আবু সালেহ হাওলাদার,হানিফ পরিবহনের সুপারভাইজার মহসিন ওরফে টিপু,বাসচালকের সহকারী তরিকুল ও ওষুধ কোম্পানি নোভার্টিসের বিক্রয় প্রতিনিধি আরিফ আজাদ।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর বাজারে এই দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
ওসি নুরুন্নবী বলেন, ইটবোঝাই ট্রাকটি বিকল হয়ে পড়লে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে সেটি মেরামত করা হচ্ছিল। এসময় সিলেটগামী হানিফ পরিবহনের বাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল থাকে। পরে পুলিশের সহযোগিতায় রাত ১টার দিকে তা স্বাভাবিক হয়।
ভাংচুর ও অগ্নিসংযোগ সিলেটের কদমতলীতে হানিফ কাউন্টারে
এদিকে দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার স্ত্রী-ছেলের মৃত্যুতে ক্ষুব্ধ একদল ব্যক্তি রাতে সিলেটে হানিফ পরিবহনের কাউন্টারে ভাংচুর চালায়।
সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান, রাত ২টার দিকে কদমতলী বাস টার্মিনালে হানিফ পরিবহনের কাউন্টার এবং তার সামনে থাকা দুটি লেগুনায় আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
হানিফ পরিবহনের কর্মকর্তা অপু আহমদ বলেন, “৪০-৫০ জনের একটি দল রাতে কাউন্টারে ভাংচুর চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”
ওই ঘটনার পর সিলেট থেকে সব রুটে হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।
