২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের সাক্ষাৎ চান আইনজীবীরা

আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতে যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়েছেন তার আইনজীবীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 01:23 PM

মুজাহিদের আইনজীবী শিশির মনির শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মোট পাঁচজন আইনজীবী শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাব। রিভিউ আবেদন করার গ্রাউন্ড নিয়ে আলোচনা করব আমরা।” 

শিশির মনির জানান, আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান ও গাজী তামিম তার সঙ্গে থাকবেন। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী দেখা করার অনুমতি চেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়ে কাল তাদের জানাব।”

আপিল বিভাগ গত বুধবার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেওয়া হয়। 

Image
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফাইল ছবি)

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফাইল ছবি)

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে সেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে শুরু হয় রায় কার্যকরের প্রক্রিয়া।

দুই আসামির আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, রায়ের অনুলিপি হাতে পেলে তারা রিভিউ আবেদন করবেন। এর অংশ হিসেবেই তারা সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেছেন।

২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি ৬৭ বছর বয়সী মুজাহিদ রিভিউ আবেদন করার জন্য বৃহস্পতিবার থেকে ১৫ দিন সময় পাবেন। রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না।

রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, “আইন অনুযায়ী যেভাবে অগ্রসর হওয়ার কথা, আমরা সেভাবেই অগ্রসর হব। ”