কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করায় বাবার জেল
ঢাকার দোহার উপজেলায় বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের মোক্তার হোসেন ও তার সহযোগী নবাবগঞ্জের যন্ত্রাইল গ্রামের মো. ইয়াসিন।
দোহার থানার এসআই মো. মোজাম্মেল জানান, বৃহস্পতিবার দুপুরে মোক্তার হোসেনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) গায়ে হলুদের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ কনের বাবা ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে।
এরপর বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়ার ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শুক্রবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে এসআই মোজাম্মেল জানান।
