ধর্ষণের পর ‘মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা’
ফেনীর ফুলগাজীতে স্বামী পরিত্যক্তা এক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেছে তিন দুর্বৃত্ত।
বুধবার রাতে উপজেলার মনতলা গ্রামে এ ঘটনার পর তারা মেয়েটিকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ করেন স্বজনরা।
মেয়েটি (২০) ফেনী সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই হাসাপতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সরওয়ার জাহান জানান, প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি জানা গেছে। বর্তমানে হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তাকে একজন ধর্ষণ করেছে না কি দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে তা ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানান তিনি।
মেয়েটির মা বলেন, বুধবার রাতে তিন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তার মেয়েকে ধর্ষণ করে মুখে বিষ ঢেলে দেয়। পরে দৃর্বৃত্তরা ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
“খবর পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে রাতে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসি।”
ঘটনার সময় মেয়ের বাবা রিকশা চালাতে গিয়েছিলেন এবং তিনি একই এলাকায় নানির বাড়িতে ছিলেন বলেও জানান।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় দীর্ঘদিন ধরে মেয়ে তাদের সঙ্গে আছে জানিয়ে মেয়েটির বাবা বলেন, কয়েক মাস ধরে স্থানীয় বখাটে হুমায়ুন, বেলাল ও রুবেল মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল।
এ ঘটনায় জড়িতরা তাকে ফোন করে পুলিশকে বিষয়টি না জানাতে চাপ দেয় বলেও অভিযোগ করেন তিনি।
ফুলগাজী থানার ওসি মো. মাঈনুদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আসামি গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ।
