ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
ঝিনাইদহে পৌর ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের ব্যাপারি শাপলা চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
আহত রবিউল ইসলাম ছাত্রলীগের ঝিনাইদহ পৌর কমিটির সাবেক সহ-সভাপতি এবং শহরের বড় কামার কুণ্ডু এলাকার বাসিন্দা।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি হাফিজুর বলেন, রবিউল তার দুই বন্ধুর সঙ্গে শাপলা চত্বরে দাঁড়িয়ে গল্প করছিলেন।ওই সময় ৪- ৫ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে তাড়া করলে তিনি দৌড়ে পালাতে থাকেন।
“এক পর্যায়ে তাকে ধরে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
তবে, কারা তার উপর হামলা করেছে তা জানাতে পারেননি তিনি।
