বুড়িগঙ্গায় তরুণীর গলিত লাশ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে বুড়িগঙ্গা নদীর দলেশ্বর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম।
আনুমানিক (১৯) বছরের ওই তরুণীর পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই সামছুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
“প্রিন্টের সালোয়ার কামিজ পরা ওই তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কয়েকদিন আগে তাকে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
