ভোলায় শহীদ মিনারের সম্মানহানির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে
ভোলায় জেলা প্রশাসনের বিরুদ্ধে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট ও সম্মানহানির অভিযোগ করেছেন স্থানীয়রা ।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সারাদেশের ন্যায় জেলা প্রশাসনের আয়োজনে ভোলা পৌরসভা সরকারি স্কুল মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।
জেলা পরিষদের সহযোগিতায় এ মেলা উপলক্ষে সাংস্কৃতিক ও আলোচনা সভা হচ্ছে স্কুল মাঠে থাকা ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে । সেখানে সবাই জুতা পায়ে শহীদ মিনারে ওঠে গান বাজনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন ।
এ ঘটনাকে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট ও সম্মানহানি বলছেন ভোলার বিশিষ্ট নাগরিকরা ।
ভোলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান বলেন, “লাখো শহীদের রক্তের স্মৃতি আমাদের পবিত্র শহীদ মিনার । এই শহীদ মিনারে জুতা পায়ে অনুষ্ঠান করে এর পবিত্রতা নষ্ট করা অন্যায়; কোনো ভাবেই এটা মেনে নেওয়া যায়না ।
ভোলা বারের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, জুতো পায়ে শহীদ মিনারে ওঠে কোনো সরকারি অনুষ্ঠান উদযাপন কোনো-ক্রমেই শোভন নয় ।
স্থানীয় দৈনিক আজকের ভোলা সম্পাদক শওকাত হোসেন বলেন, “শহীদ মিনার কোনো ধর্মের না । জাতীয়ভাবে এর সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব । কেউ এর সম্মানহানি করলে প্রশাসনের উচিত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া ।”
শহীদ মিনারে কোনো ভাবেই জুতা পায়ে ওঠা ঠিকনা বলে জানালেও অনুষ্ঠানটি জেলা প্রশাসনের আয়োজন হওয়ায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভোলা সদর উপজেলার ইউএনও মো. তোফায়েল আহমেদ।
৩০ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ করা ভোলা পৌরসভার মেয়র বর্তমানে হজে রয়েছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু বলেন, “শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব । কেউ যেন শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করতে না পারে মেয়র সাহেব হজ থেকে ফিরে এলে সবার পরামর্শ নিয়ে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ।”
এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে ‘জুতা পায়ে শহীদ মিনারে না ওঠা শিষ্টাচার’ মন্তব্য করে বিষয়টি দেখবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
