২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর থেকে ফিরতি পথে ‘দ্বিগুণ ভাড়া’

লক্ষ্মীপুর থেকে ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 02:36 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

যাত্রীরা বলছেন, বিভিন্ন পরিবহন যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায় করছে, যা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ।

যাত্রী কম থাকায় অন্য দিনের তুলনায় ভাড়া ‘কিছুটা বেশি’ আদায় করার কথা স্বীকারও করেছেন লক্ষ্মীপুরের পরিবহন সংশ্লিষ্টরা।

বিআরটিএ র্নিধারণ অনুযায়ী, মেঘনা-গোমতি সেতুর টোলসহ লক্ষ্মীপুর থেকে ঢাকার পথে ৩০ আসনের বাসে প্রতি আসনের ভাড়া ২৬১ টাকা ৬৫ পয়সা ও ৫১ আসনের বাসের প্রতি আসনের ভাড়া ২৬৪ টাকা ৪৯ পয়সা।

কিন্তু ইকোনো পরিবহন, ঢাকা এক্সপ্রেস, গ্রামীণ পরিবহন ও জোনাকী পরিবহন এর দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

ইকোনো পরিবহন ও ঢাকা এক্সপ্রেসের ৩৬ আসনে বাসের ভাড়া ৫৫০ টাকা এবং গ্রামীণ পরিবহন ও জোনাকী পরিবহন ৫২ আসনের বাসের ভাড়া ৫০০ টাকা আদায় করছে বলে তারা জানিয়েছেন।

গ্রামের বাড়িতে ঈদ করতে সপরিবারে লক্ষ্মীপুরে এসেছিলেন আব্দুর রহিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন ফেরার জন্য ইকোনোর টিকেটের দাম ৫৫০ টাকা করে আদায় করছে।”

গত বছর একই সময়ে লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া ৪০০ টাকা ছিল বলে জানান তিনি।

“এবছর বেড়ে ৫৫০ টাকা হলেও দেখার কেউ নেই।”

আরেক যাত্রী শামীমা সুলতানা ঢাকা এক্সপ্রেসের দুটি টিকেট ৫৫০ টাকা করে কিনেছেন।

তিনি বলেন, বাস কাউন্টার ও টার্মিনালে সরকারের র্নিধারিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক হলেও এখানে তা মানা হচ্ছে না।

আরেক যাত্রী সাইদুর রহমান জানান, জোনাকী কাউন্টারের টিকেট বিক্রেতা তার কাছ থেকে নিয়েছেন ৫০০ টাকা।

এবিষয়ে জানতে চাইলে ইকোনো পরিবহনের লক্ষ্মীপুর র্টামিনালের ব্যবস্থাপক সুমন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাস মালিক সমিতির র্নিধারিত ভাড়ার চেয়ে মাত্র ১৫০ টাকা বেশি নিচ্ছি।

“এখন বাসে ১০-১৫ জনের বেশি যাত্রী না থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।”

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানতাম না। এখন শুনেছি; এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”