২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করুন: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নিতে সরকারের কার্যক্রম তুলে ধরে একইভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 07:53 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হিলটন হোটেলে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান।

ঢাকা থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটটি পুনরায় চালু করতে আইনগত সমস্যা সমাধানে সরকার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও প্রবাসীদের আশ্বস্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তার নিজের শক্তিতে দাঁড়াতে চায়। প্রবাসী বাংলাদেশিদের সবখানে- সব সময় দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সক্রিয় থাকতে হবে।

সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে যাদের কোনো অবদান নেই, দেশের প্রতিও তাদের কোনো দরদ থাকবে না। তারা দেশকে ধ্বংস করতে চায়।

“পাকিস্তানিদের মতো খালেদা জিয়া দেশকে ধ্বংস করতে চায়। বিএনপি চায় না, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, মেয়েরা স্কুলে যাক, নারীরা স্বাস্থ্যসেবা ও যুবকরা চাকরি পাক।”

‘বাংলাদেশ অন্যদের সহায়তায় বেঁচে থাকতে জন্ম নেয়নি’ মন্তব্য করে তিনি দেশকে উন্নত দেশকে পরিণত করতে তার সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন।

বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে রায় কার্যকর সম্পর্কে শেখ হাসিনা বলেন, দুজন খুনি কানাডায় এবং একজন যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে আছেন। অবশিষ্টরা পাকিস্তানের কোনো আবাসে আশ্রয় নিয়ে থাকতে পারেন। এ ছাড়া ধৃত খুনিদের শাস্তি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইভেট ক্লার্ক বাংলাদেশের মানুষের দেশপ্রেমের প্রশংসা করেন। জাতিসংঘ পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দনও জানান তিনি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি,  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।