মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মিছিলে বাধা
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে শাহবাগ থানার সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ। বাধা পেয়ে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা সেখানে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করেন।
এরপর মিছিল নিয়ে টিএসসি-দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে প্রেসক্লাব এলাকা ত্যাগ করেন তারা।
এবিষয়ে শাহবাগ থানার এসআই ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলকারীরা শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে আমরা তাদের থামিয়ে দিয়েছি। এরপর জাদুঘরের সামনে কিছু সময় সমাবেশ করে তারা পুনরায় জাতীয় প্রেসক্লাবের যায়।
ভর্তি পরীক্ষা বাতিলের দাবির এই আন্দোলনের অন্যতম সংগঠক খালেদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ১০টায় তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করবেন।
দাবি না মানলে ১ অক্টোবর সারা দেশ থেকে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন খালেদ।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খালেদ বলেন, “মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে। তাই পরীক্ষা ও ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশে নাই, তিনি আসলে আমরা একটি সুবিচার পাব।
“প্রশ্নফাঁস হয়েছে- এটা একেবারে প্রমাণিত। যারা প্রশ্ন পাইছে, তাদের অনেকে গণমাধ্যমের সামনে এটা কনফেস করেছে। পরীক্ষার আগে হোয়াটস অ্যাপে মাধ্যমে প্রশ্ন আসার প্রমাণ আমাদের কাছে আছে। এ কারণে পরীক্ষা বাতিলের দাবি আমরা করছি।”
