ময়মনসিংহে হামলায় ভাই-বোন নিহত
ক্ষেতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে হামলায় ভাই-বোন নিহত হয়েছেন, আহত হন একই পরিবারের আরও চারজন।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাতি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি আক্তার মোর্শেদ।
নিহতরা হলেন, ওই এলাকার গোলাম হোসেনের মেয়ে রাজিয়া সুলতানা (৫৫) ও তার ভাই রাজতিক (৫০)।
আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
ওসি বলেন, সকালে রাজতিকের গরু তার প্রতিবেশী আবতাবউদ্দিনের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এতে আবতাবউদ্দিন ক্ষিপ্ত হয়ে রাজতিকের বাড়িতে হামলা চালালে রাজতিক ও রাজিয়াসহ ছয়জন আহত হয়।
স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরে রাজতিক ও রাজিয়ার মৃত্যু হয় বলে তিনি জানান।
