ঈদের পরদিন সড়কে ঝরল ১৬ প্রাণ
কোরবানি ঈদের দ্বিতীয় দিন শনিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে গোপালগঞ্জের সাতজন, সাভারে চারজন এবং চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, ঝিনাইদহ ও পাবনায় একজন করে রয়েছেন।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:
গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদরে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জন ও এক চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনায় হতাহতদের ১১ জনের সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামের নাসু সিকদারের ছেলে খোকন শিকদার (৪৫), তার মা কাতেবুন্নেসা (৭০), স্ত্রী চায়না বেগম (৩৫), মেয়ে চাঁদনী (৯) এ্যানি (১৬), ভাতিজা সাকিব সিকদার (২৮) ও চালক স্বপন সরদার (৩৫)।
খোকনের আরেক মেয়ে ইতিকে (৭) গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ওসি সেলিম রেজা বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন মজুমদার জানান, পাঁচজনকে মৃত অবস্থায় ও আহত দুজনকে তার হাসপাতালে আনা হয়।
আহতদের মধ্যে এক শিশু ও এক নারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।
সাভার
ঢাকার ধামরাইয়ে দুটি দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন; আহত হন অন্তত ১৫ জন।
শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া ও ইসলামপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে বলে জানান ধামরাই থানার এসআই অপূর্ব দাস।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানালেও নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই অপূর্ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কেলিয়া এলাকায় ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী বিকাশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহত হয় দুই বাসের অন্তত ১৫ যাত্রী।
এছাড়া ধামরাইয়ের ইসলামপুর এলাকায় একটি বালুবাহী ট্রাকের চাপায় আনুমানিক (২৮) বছর বয়সী এক রিক্সা চালক নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
শনিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান।
নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তিনি ওই আলমসাধুর চালক ছিলেন বলে জানান ওসি লিয়াকত।
ওই বাহনের দুই আরোহী ঝিনাইদহের আরামডাঙ্গা গ্রামের খাইরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী আলেয়া খাতুনকে (৫০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, খাইরুল ও তার স্ত্রী আলমসাধুতে চড়ে চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আলমসাধুর চালক নিহত হন।
স্থানীয়রা খাইরুল ও আলেয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকায় পাঠানো হয়।
সাতক্ষীরা
সাতক্ষীরার সদরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন দুইজন।
শনিবার দুপুরে উপজেলার ঝাউডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কলারোয়া থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম জানান।
নিহত মো. হাসান যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামের মো. ঝড়ুর ছেলে।
ওসি বলেন, হাসান তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যশোরের শার্শা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হাসান নিহত হন।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীনগর থানার ওসি হীদুর রহমান জানান।
নিহত সিরাজুল ইসলাম (৫৫) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, সকালে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন সিরাজুল। এসময় ডিএম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয।
ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
ঝিনাইদহ
শনিবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি হাশেম খান।
নিহত জনি বিশ্বাস বারইপাড়া গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে।
ওসি হাশেম খান বলেন, বাসটি হাটফাজিলপুর থেকে ঝিনাইদহে আসছিল। শৈলকুপামুখী মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।
এতে মোটরসাইকেল চালক জনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
পাবনা
পাবনার বেড়া উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধা নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার নাদরিয়া এলাকায় পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া খাতুনের (৬৫) বাড়ি সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রাম।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত কারও নাম-পরিচয় জানা যায়নি।
