২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মাইক্রো-অটো সংঘর্ষে নিহত ৭

কোরবানি ঈদের পরদিন গোপালগঞ্জ সদরে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয় ও চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 11:20 AM

Updated : 22 Aug 2022, 01:17 PM

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের ১১ জনের সবাই অটোরিকশার যাত্রী ছিল বলে জানান তিনি।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামের নাসু সিকদারের ছেলে খোকন শিকদার (৪৫), তার মা কাতেবুন্নেসা (৭০), স্ত্রী চায়না বেগম (৩৫), মেয়ে চাঁদনী (৯) এ্যানি (১৬), ভাতিজা সাকিব সিকদার (২৮) ও চালক স্বপন সরদার (৩৫)।

খোকনের আরেক মেয়ে ইতিকে (৭) গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

নিহত খোকনের ভাগ্নে সাব্বির বলেন, এক আত্মীয়র বিয়ে উপলক্ষে খোকন পরিবারের সদস্যদের নিয়ে সকালে খুলনা থেকে গোপালগঞ্জে আসেন। সেখান থেকে অটোরিকশায় করে তেলিগাতি গ্রামে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

ওসি সেলিম রেজা বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন মজুমদার জানান, পাঁচজনকে মৃত অবস্থায় ও আহত দুইজনকে তার হাসপাতালে আনা হয়।

আহতদের মধ্যে এক শিশু ও এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।

</div>  </p>