সড়কে প্রাণ গেল ৮ জনের
ঈদের আগে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার মধ্যে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন।
এরমধ্যে রয়েছেন নারায়ণগঞ্জে তিনজন, ফরিদপুরে দুই ছাত্র এবং ফেনী, নেত্রকোণা ও ঝিনাইদহের একজন করে।
শুক্রবার ঈদ-উল-আজহাকে সামনে রেখে গত কয়েকদিন থেকে ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অনেকেই।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিকআপভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে এক গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন, আহত হন চারজন।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার দরিল্লা গ্রামের রকিবউদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী হাবিব, একই এলাকার বাসিন্দা পিকআপভ্যান চালক রাজু ও সহকারী জুলহাস।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, পুরিন্দা এলাকায় ঢাকাগামী গরুবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হাবির ও রাজুর মৃত্য হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জুলহাসের মৃত্যু হয় বলে জানান তিনি।
মামহবুবুর রহমান বলেন, ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
ফরিদপুর
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের ঝিলটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ।
নিহতরা হলেন, শহরের রথখোলা এলাকার বাসিন্দা কলেজ ছাত্র মো. আবির (১৮) এবং ঝিলটুলীর স্কুল ছাত্র মো. রায়হান (১৭)।
ওসি বলেন, আবির ও রায়হান একটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ছিটকে রাস্তায় পড়ে যায় তারা।
স্থানীয়রা তাদের উদ্ধারের পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফেনী
ফেনীর দাগনভুঁঞায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হন চারজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানান দাগনভুঁঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন।
নিহত গিয়াস উদ্দিন (৩৫) নোয়াখালীর সেনবাগ এলাকার বাসিন্দা।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ওসি বলেন, মুক্তারবাড়ি এলাকায় অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নেত্রকোণা
নেত্রকোণার মদন উপজেলায় ষাঁড়ের তারা খেয়ে অটোরিকশায় চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের কোর্ট বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম।
নিহত দেওয়ান সিয়াম (১২) উপজেলার ফতেপুর গ্রামের দেওয়ান খসরুর ছেলে।
ওসি বলেন, একটি ষাঁড়ের তাড়া খেয়ে রাস্তায় মাঝখানে দৌড় দেয় সিয়াম। ওই সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
আহত সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয় বলে জানান তিনি।
ঝিনাইদহ
আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
নিহত রওশনারা বেগম (৬০) যশোরের চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
আহতরা হলেন রওশনারার ছেলে জামির হোসেন ও নাতনী সোনিয়া বেগম।
তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
ওসি বলেন, জামির হোসেনের মোটরসাইকেলে করে রওশনারা ও সোনিয়া তাদের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে মাগুরায় যাচ্ছিলেন। পথে একটি ইজিবাইক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান রওশনারা।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
