২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুলছাত্র সাঈদ হত্যা: ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সিলেটে অপহরণের পর স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এক সাবেক কনস্টেবলসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 05:14 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

সিলেট মহানগর হাকিম শাহেদুল করিমের আদালতে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে সিলেট নগরীর বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুমকে এ ঘটনায় দোষী দেখানো হয়েছে।

এদের মধ্যে মাসুম পলাতক রয়েছেন। বাকি তিনজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। এর পর থেকে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর এ ঘটনায় পুলিশ সদস্য এবাদুরসহ তিনজনকে আটক করলে তারা সাঈদকে খুনের কথা স্বীকার করেন।

তাদের স্বীকারোক্তি মতে ১৪ মার্চ রাত পৌনে ১২ টায় নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন সাঈদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, এ মামলায় পুলিশ সদস্য এবাদুরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর মামলায় সাক্ষী করা হয়েছে ৩৭ জনকে।

এ ঘটনায় পুলিশ সদস্য এবাদুরের বিরুদ্ধে এই ফৌজদারী মামলার পাশাপাশি বিভাগীয় মামলা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রহমত।