স্রোতে পাটুরিয়ায় পারাপার বিঘ্নিত, যানজট
পদ্মায় তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। ফলে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ মো. নাসিম হোসেন জানান, সোমবার দুপুরের পর থেকে পাটুরিয়ায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঘাটকে কেন্দ্র করে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।
“প্রবল বাতাস ও তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ওপারে যেতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এছাড়া রো রো ফেরি শাহ মুখদুম ও খান জাহান আলী এবং ইউটিলি (ছোট) ফেরি রজনীগন্ধা যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার থেকে বিকল হওয়ায় চাপ বেড়েছে।”
মেরামতের পর ফেরিগুলো নৌ রুটে যোগ হলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে দাবি করেন বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।
তবে কবে নাগাদ বিকল ফেরি তিনটি সচল হতে পারে তা জানাতে পারেন নি তিনি।
সরেজমিনে ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি দেখেন, সোমবার সন্ধ্যার পর পাটুরিয়া ঘাট থেকে উথলী-পাটুরিয়া সড়কের আড়পাড়া পর্যন্ত প্রায় দেড় শতাধিক বাস এবং ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় থেকে বোয়ালিয়া পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
