২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ২৫টি ট্রলারডুবির খবর

লঘুচাপের প্রভাবে ঝড়ে গত তিন দিনে বঙ্গোপসাগরে অন্তত ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

মনির হোসেন কামাল

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

এছাড়া ওইসব ট্রলারের শতাধিক জেলে নিখোঁজ রয়েছে বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন।

তবে, কোস্টগার্ড বিচ্ছিন্নভাবে খবরগুলো পাওয়ার কথা জানালেও কোনোটিই নিশ্চিত করতে পারেনি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের প্রায় দুই শতাধিক জেলে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন উপকূল হিরণ পয়েন্ট, দুবলা, আলোরকোল ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছে।

তাদের উদ্ধারে চারটি ট্রলার পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা বলেন, শনিবার রাত থেকে সাগরের ভয়াবহতা বাড়তে থাকে। রোববার ভোর রাতের দিকে ভারী বৃষ্টিসহ প্রচণ্ড ঝড়ো হাওয়ায় টিকতে না পেরে ট্রলারগুলো ডুবে যায়।

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালি, নারকেলবাড়িয়া, কটকা, ডিমের চর, সাতবাম এলাকা থেকে এ পর্যন্ত ২৫টি ট্রলার ডুবে যাওয়ার বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন বলে জানান।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ জানান, ট্রলার ডুবে যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে তাদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।