২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধনে পুলিশের বাধা

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ানো মেডিকেলে ভর্তিচ্ছুদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 11:28 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার সকাল ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ায়।  

“কিন্তু অনুমতি না থাকায় তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

এ সময় পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করেছে বলেও জানান তিনি। 

গত শুক্রবার সারা দেশে ৪৪টি কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই পরীক্ষার যে ফলাফল ঘোষণা করেছে, তাতে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন।  আসন কম হওয়ায় এদের মধ্যে ১১ হাজার ৪৯ জন শেষ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সোমবারও বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রোববার হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।