২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় হাসপাতালে হামলার পর আটক ৯

বরগুনা জেনারেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগে হামলা করে নার্স ও ওয়ার্ড বয়সহ নয়জনকে আহত করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:05 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

আহত নার্স নাজমুন নাহার, সুইটি খানম, রিনা, সীমা, ওয়ার্ডবয় রাজু ও মঈনকে হাসপাতালে ভর্তি এবং অন্য তিন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুল ইসলাম বলেন, শনিবার অচেতন অবস্থায় মাইনুল ইসলাম নামে এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়।

“স্যালাইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ এনে তার বন্ধুরা ওয়ার্ড বয় রাজুর ওপর হামলা করে। রাজু দৌড়ে গিয়ে নার্সদের রুমে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে এলোপাতাড়ি চড়, ঘুসি ও লাথি মেরে নয় জনকে আহত করে।”

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ডা. কামরুল ইসলাম।

রোগী মাইনুল ইসলামের বাবা স্থানীয় এনামুল হক ওয়াহিদ জানিয়েছেন, তার ছেলে প্রেমে ব্যর্থ হয়ে ঘুমের ওষুধ খেয়েছিল।

মাইনুল ইসলাম সুস্থ আছে জানিয়ে ডা. কামরুল ইসলাম বলেন, “হামলাকারীদের অভিযোগ সত্য নয়। তারা অকারণে হামলা চালিয়েছে।”

অপরদিকে হামলার ঘটনার প্রতিবাদে কর্তব্যরত নার্স ও ওয়ার্ড বয়রা দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।

পুলিশ সুপার বিজয় বসাক বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।

তবে আটক কারও নাম-পরিচয় জানানো হয়নি।