কলেজছাত্র হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন
যশোরের ঝিকরগাছায় এক কলেজছাত্রকে হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক এমএ রব হাওলাদার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিকরগাছা উপজেলার বর্ণি গ্রামের আব্দুল গফুর, আব্দুস সালাম, আবুল খায়ের, হাবিবুর রহমান হাবিব, হাসানুজ্জামান, আব্দুল জব্বার, ফারুক, বিল্লাল হোসেন, হাসান উজ্জামান, আলতাফ হোসেন, সুজাত আলী, আজিম, সুলতান আহমেদ ভূইয়া, মোতাকাব্বির ও মারুফ।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও চার আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে পিপি এনামুল জানান, পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ২২ ডিসেম্বর বর্ণি গ্রামের বাসিন্দা ও কলেজ ছাত্র মোস্তফা কবীরকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে যশোরের সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন মোস্তফার চাচা গাজী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ঝিকরগাঝা থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার ওসি মো. মজিবর রহমান ২০০৭ সালের ৬ ডিসেম্বর ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
২০১৫ সালে ৫ মার্চ মামলাটি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে জানান তিনি।
