সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
দণ্ডিতরা হলেন কমলগঞ্জের পতনউষার গোপীনগর গ্রামের আজাদুর রহমান, জুয়েল মিয়া ও আবদুস সামাদ রুবেল।
এছাড়া মুহিব মিয়া নামের একজনকে পাঁচবছর কারাদণ্ড দেওয়া হয়।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, ২০১২ সালের ২৯ অগাস্ট পতনউষার গোপীনগর গ্রামের আবদুর রহমানের ছেলে ব্যবসায়ী আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
“এক প্রতিবেশী মেয়ের সঙ্গে প্রেম করার কারণে তাকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়।”
পিপি কিশোর কুমার আরও জানান, এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহত মজিদের বাবা আবদুর রহমান ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাত জনকে খালাস দেওয়া হয় বলেও তিনি জানান।
