রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে বিক্ষোভ
রাজশাহীর বাগমারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তাহেরপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বাগমারা থানার ওসি মতিয়ার রহমান।
বাজারের ব্যবসায়ী নেতা খলিলুর রহমান অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম গণহারে জরিমানা আদায় শুরু করলে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে তারা দোকানপাট বন্ধ করে ইউএনওকে ঘিরে বিক্ষোভ দেখান।
ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষোভের খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ওই বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং দোকানপাট খোলার অনুরোধ করলে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে।
ইউএনও তরিকুল ইসলাম সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ২০০ টাকা জরিমানা করার কথা স্বীকার করেছেন।
এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আব্দুল গফুরের মিষ্টির দোকানকে সর্বাধিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আর রাস্তার পাশে দোকান দেওয়ার কারণে সাইকেল মেকার জালাল উদ্দিনকে সর্বনিম্ন ২০০ টাকা জরিমানা করা হয়।
