দিনাজপুরে ইয়াবাসহ যুবক আটক: তদন্তে কমিটি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের ঘটনায় মামলার পর তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান রবিন (২৮) বগুড়া সদরের নিশিন্দারা মধ্যপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।
বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে উপজেলা সদর থেকে ইয়াবাসহ রবিনকে আটক করা হয়।
রবিন ওই ইয়াবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুরের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে দাবি আমিনুল ইসলামের।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়াকে দিয়ে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুরের জন্য এক যুবক বগুড়া থেকে ইয়াবা ট্যাবলেট আনছে এমন সংবাদ পেয়ে তিনিসহ স্থানীয় লোকজন বুধবার রাত ১১টায় উপজেলার গেটে অবস্থান নেন।
“রাত২টার দিকে ‘নাবিল পরিবহন’ থেকে নেমে উপজেলা পরিষদের দিকে যাওয়ার সময় রবিনকে আটক করা হয়।”
পরে তাকে তল্লাশি করে ৬টি ইয়াবা ট্যাবলেট, সিগারেটের প্যাকেটের রুপালি কাগজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ম্যানেজার সাঈদ সিদ্দিকী মিলন বাদী হয়ে মেহেদী হাসান রবিনের বিরুদ্ধে একটি মামলা (নম্বর ১৩) করেছেন।
ওসি বলেন, মামদক আইন করা ওই মামলায় আসামি রবিন ইয়াবাগুলো বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মনজুরের জন্য নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিয়ে মামলা হওয়ায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এ বিষয়ে ইউএনও রাসেল মনজুরের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও এবং পরিচয় দিয়ে মোবাইল বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
এছাড়া তার বাসভবনে গিয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি কথা বলবেন না বলে কর্মচারী দিয়ে জানিয়ে দেন।
