নোয়াখালীতে গৃহবধূ ও দোকানীর ঝুলন্ত লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; চাটখিল উপজেলায় এক দোকানীর ঝুলন্ত দেহ পাওয়া গেছে তারই দোকান ঘর থেকে।
দুটি লাশই শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে বলে দুই উপজেলার পুলিশ কর্মকর্তারা জানান।
চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সুবর্ণচরের চরবাটা গ্রামের শেকান্তর হোসেনের বাসায় সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী বিবি রহিমার (২৪) লাশ পাওয়া যায়।
আর শুক্রবার ভোরের দিকে চাটখিল বাজারের দোকানি সিরাজুল ইসলামের (৩২) ঝুলন্ত লাশ পাওয়া যায় তারই দোকানঘরের ভেতরে।
চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন জানান, সিরাজুলের বাড়ি চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায়। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দুটি ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
