প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়ান: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল এবং বিশেষ অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা বলেছেন, “সকলের প্রতি আমার আহ্বান, এদের প্রতি সংবেদনশীল হতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদের মেধা বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।”
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের ক্রিকেটার এবং স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য ও কর্মকর্তাসহ ২০ জন এবং স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তাসহ ২৬ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক এবং একটি করে স্যুট পিস দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতেই সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আপনারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।”
গত ২৫ জুলাই থেকে ২ অগাস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয়ে যাওয়া ‘স্পেশাল অলিম্পিক ওয়ার্ড গেমসে’ বাংলাদেশের ক্রীড়াবিদরা ১৮টি স্বর্ণ, ২২টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
গত ১১ থেকে ১৩ জুন পশ্চিমবঙ্গের কলকাতায় ‘থ্রি বাংলা মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে’ বাংলাদেশ দল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের শাহাদাত হোসেন সেরা ব্যাটসম্যান এবং খুরশীদ আলম সেরা ফিল্ডার হন।
বাংলাদেশের খেলোয়াড়দের বিশেষ অলিম্পিকে পদক জয়ের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এমনি তো ২/১টা আইটেমে নাম যায়। ফ্ল্যাগটা নিয়ে যায়। বিশেষ কিছু আনতে পারে নাই। এরা (প্রতিবন্ধী ক্রীড়াবিদ) প্রতিবার কিছু নিয়ে আসছে।”
সরকার প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য সহায়তা অব্যাহত রাখবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, “যারা ভালো করবে, তারা সহযোগিতা পাবে।”
“কেউ তো ইচ্ছা করে প্রতিবন্ধী হয়নি। তারাও সমাজের একজন। তাদের প্রতি আরও বেশি দৃষ্টি দিতে হবে।”
দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দলের প্রশিক্ষক তাইজুদ্দিন প্রশিক্ষণের জন্য স্থানের অপ্রতুলতার কথা তুলে ধরেন।
কলকাতায় মৈত্রী টুর্নামেন্টের আগে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল মনিকগঞ্জে দুই মাস প্রশিক্ষণ নিয়েছিল।
তাইজুদ্দিন সংসদ ভবনের পশ্চিম প্রান্ত, যেখানে মূক ও বধির বিদ্যালয় ছিল, সেখানে অস্থায়ী ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, “সার্বক্ষণিক প্রশিক্ষণের ব্যবস্থা যেন হয়, সে ব্যবস্থা করছি। যেখানে মূক ও বধির স্কুল ছিল, সেখানে একটা প্রাকটিস গ্রাউন্ড করে দিচ্ছি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফ দৌলা এবং বর্তমান চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী বক্তব্য রাখেন।
